রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ

রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি পরীক্ষায় ৪৫ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।
এ বছর রাজশাহী বোর্ডে মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। মোট ২০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বিভাগের ৭৪৩টি কলেজের ৭১ হাজার ৪৮২ জন ছাত্র এবং ৬৫ হাজার ৯২৮ জন ছাত্রী অংশগ্রহণ করেন।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এ বছর মোট ৬১ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছাত্র এবং ২ হাজার ৫৫৫ জন ছাত্রী রয়েছেন।
এ বছর এক বিষয়ে ৪০ হাজার ১৮১ জন (২৯.২৫ শতাংশ) এবং দুই বিষয়ে ১৯,৮৬৮ জন (১৪.৪৬ শতাংশ) শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এছাড়া পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ৩১ জন।
বোর্ডের অধীনে থাকা ৯৮৩টি কলেজের মধ্যে এ বছর শতভাগ পাস কলেজের সংখ্যা ৯টি এবং শূন্য ফলাফল পাওয়া কলেজের সংখ্যা ৩৯টি।
গত ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।