শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জবির ২য় সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২য় সমাবর্তন ২০২৭-এর অনলাইন নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন তার কনফারেন্স কক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি আয়োজনের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি প্রদান করেছেন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হলো, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করার উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিবন্ধন উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যসচিব ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭-এ অংশগ্রহণে আগ্রহী যোগ্য ডিগ্রিধারীরা আজ বৃহস্পতিবার থেকে আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিবন্ধন, আবেদন ফি এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ওয়েবসাইটে (https://convocation.jnu.ac.bd) পাওয়া যাবে।