জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকোয়েট অব এক্সিলেন্স ৩.০’ এর পর্দা নামছে। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কেস কম্পিটিশনের চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুটি ধাপের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে কেস সলভিংয়ের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে সমাধান করা হয়। দ্বিতীয় ধাপে ওভিসি বা অনলাইন ভিডিও বিজ্ঞাপন তৈরি করে নির্ধারিত পণ্যের জন্য সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণ করতে হয়েছিল। তৃতীয় ও শেষ ধাপে চূড়ান্ত পর্বে নতুন ব্যবসায়িক কেসের সমাধান তৈরি করে তা বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের কার্যক্রম অনলাইন মাধ্যমে সম্পন্ন হয়েছে।
দুই ধাপ সম্পন্ন করে দশটি দল চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছে। দলগুলো হলো টিম ডাল ভাত, টিম ভংচং, টিম এলটিবি, টিম নেক্রস, টিম মিউফিয়াস, স্কাইফল, গ্রুপিং করতেছি না, এপেক্স সিন্ডিকেট, ফিটকিরি ও টিম নেপচুন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, দীর্ঘ সময় পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ড্যাকোয়েট অব এক্সিলেন্স এর মাধ্যমে নিজেদের আবার এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। দেশের সব প্রান্ত থেকে শিক্ষার্থীদের নিয়ে বেশ জমজমাট একটি আয়োজন করতে পেরে আমরা আসলেই আনন্দিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ, প্রথম রানারআপকে ৬০ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ৪০ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া অপর সাতটি ফাইনালিস্ট দল ৫ হাজার টাকা করে পাবে।