জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর দাবা ও নারী শিক্ষার্থীদের ফুটবল খেলা শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের আয়োজনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অন্যতম।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো শিক্ষাবর্ষ জুড়েই এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে, যা শিক্ষার্থীদের সুস্থ ও আনন্দময় মনোজগৎ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নাজমুল হোসাইন। এ ছাড়াও শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটারবৃন্দ।
অন্যদিকে, উদ্বোধনী দিনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে নারী শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতায় ৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৪টি ম্যাচে অংশ নেয়। চার দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী হবে আগামী ১৭ অক্টোবর।