রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারে পিবিআইয়ের ৩০ কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি (আইএফএসসিএস)-এর উদ্যোগে “অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস: ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে পিবিআইয়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

​আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, একটি মামলার তদন্তে ছোট একটি আলামতও গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। তাই অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগারে পাঠানো, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আদালতে উপস্থাপন—তদন্তের প্রতিটি ধাপে সতর্কতা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়ায় তদন্তের প্রচলিত পদ্ধতির পাশাপাশি ফরেনসিক বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তিকে কার্যকরভাবে যুক্ত করার ওপর তিনি জোর দেন।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর কথা উল্লেখ করে ড. আমানুল্লাহ বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রয়োগমুখী প্রশিক্ষণ সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও সম্প্রসারণ করা হবে।

​পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অপরাধস্থল ব্যবস্থাপনা, আলামত সংগ্রহ ও সংরক্ষণ, চেইন অব কাস্টডি, ফরেনসিক ডিএনএ, প্যাথলজি, টক্সিকোলজি, ডিজিটাল প্রমাণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন। এর মধ্যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের সিনিয়র লেকচারার ড. হেলেন আরওয়াকার অনলাইনে ‘সিগনিফিকেন্স অ্যান্ড ইমপ্যাক্ট অব ফরেনসিক এভিডেন্স’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

​প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পিবিআই কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।