চীনের কারিগরি শিক্ষার দক্ষতা দেশের কাজে লাগানো হবে: শিক্ষামন্ত্রী

চীনের কারিগরি শিক্ষার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে সময়োপযোগী কারিগরি শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশি শিক্ষকদের চীনে পাঠানোর পাশাপাশি চীনা ভাষাসহ কারিগরি শিক্ষা দিতে চীন থেকে শিক্ষক আনার উদ্যোগ নেওয়া হবে।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনকালে মন্ত্রী আজ বৃহস্পতিবার এসব কথা বলেন। এ সময় চীনের গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের ভাইস চ্যান্সেলর লিন বিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
পরে মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষায় চীন অনেক এগিয়েছে। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি সহযোগিতা নিয়ে দেশের কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।