সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

মানসম্মত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াতে হবে: রাবি উপাচার্য

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বা আইবিএসে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের গবেষকদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টিটিউটের সেমিনারকক্ষে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং আইবিএস পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এর সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ নাজিমুল হক।

অনুষ্ঠানে নবাগত গবেষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপাচার্য তাঁর বক্তব্যে গবেষকদের কাজে সাফল্য প্রত্যাশা করেন। তিনি বলেন, নবীন এই গবেষকদের সাফল্য আমাদের ভবিষ্যৎ গবেষণায় পথ দেখাবে এবং গবেষণালব্ধ ফলাফল আরও উচ্চস্তরের গবেষণায় অনুপ্রাণিত করবে। এ সময় তিনি আগামী দিনে আইবিএসের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনার কথাও জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, নবাগত গবেষকেরা তাঁদের কাজের মধ্য দিয়ে মেধা ও মননের পরিচয় দেবেন। তাঁরা যুগোপযোগী বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে এই ইনস্টিটিউট তথা পুরো বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, আইবিএস বাংলাদেশসংক্রান্ত গবেষণায় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানের ডিগ্রিধারীরা কর্মক্ষেত্রে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। বর্তমান গবেষকেরাও সেই ধারা বজায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামী দিনে এর প্রতিফলন দেখা যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রধান অতিথি উপাচার্য ও অন্য অতিথিদের সংগঠনের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন।