শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন।

ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কেন্দ্র পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর পরীক্ষার পরিবেশ, আসন বিন্যাস ও দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরীক্ষা শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ভর্তির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্য তিনি শুভকামনা জানান।

পরীক্ষা পর্যবেক্ষণে আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন, উপাধ্যক্ষ ডক্টর বিলকিস বেগমসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শুভ্র/