মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ডক্টর মালিকা কলেজে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আওলাদ হোসেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ডক্টর মালিকা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরীক্ষা ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। ভর্তি পরীক্ষার ফলাফল শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।