জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটে দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাক্রমের সমন্বয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের (ওটিটিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মালেকা পারভীন মোলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন পেশাগত ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। এর মধ্যে জাপানি ভাষা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন ও হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে। এছাড়া, শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম উন্নয়ন ও হালনাগাদে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদার করা অপরিহার্য। তিনি আরও বলেন, শিল্পখাতের চাহিদানুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীরা বৈশ্বিক শ্রমবাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে পারবে এবং এটি তাদের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।
চুক্তি অনুযায়ী, শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের সাথে পরিচিত হতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই কার্যক্রম বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় অবকাঠামো ও সহযোগিতা প্রদান করবে। সেই সাথে কারিকুলাম উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতেও যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসাইন, অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের পরিচালক তামান্না রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএন/