চবির ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত, ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে আয়োজিত ৩৬তম বার্ষিক সিনেট সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।
সভার শুরুতে উপাচার্য তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিশেষ করে চবির শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। শিক্ষার মানোন্নয়নের কথা উল্লেখ করে উপাচার্য জানান, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে চবিতে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) এবং অভিন্ন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এছাড়া গবেষণায় শিক্ষকদের উৎসাহিত করতে চলতি অর্থবছরে ১০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে এবং আগামী বছরের জন্য ইউজিসির কাছে ২৯ কোটি টাকা চাওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়নের বিষয়ে উপাচার্য জানান, চবিতে টিএসসি এবং একাডেমিক ও গবেষণার সক্ষমতা বাড়াতে ৭২৭ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য নতুন ১০টি আবাসিক হল, একাডেমিক ভবন, আধুনিক হাসপাতাল নির্মাণসহ শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে প্রায় ৩ হাজার কোটি টাকার আরও একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকার কাজ বর্তমানে চলমান আছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন এবং উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা পাঠ্যক্রমের আধুনিকায়ন, ইনোভেশন হাব প্রতিষ্ঠা এবং সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দেন।
সিনেট সভায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন ও বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া করা হয়।