শনিবার, ৮ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এইচএসসি পরীক্ষা শেষ হলো ৮ বোর্ডে, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো এখনো চলমান। এ বোর্ডের অধীন পাঁচ জেলায় মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও চলছে। এসব পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।

নিয়ম অনুযায়ী- লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী ফল প্রস্তুতে পরিকল্পনা ও কাজ শুরু করেছে বোর্ড।

শনিবার (৮ আগস্ট) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র, শিশুবিকাশ দ্বিতীয়পত্র এবং বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, সমাজকর্ম দ্বিতীয়পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়।

এদিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের উচ্চতর গণিত দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে আগেই। তবে বন্যা ও জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে। ৯ সেপ্টেম্বর থেকে ৬০ দিন হিসাব করলে ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।