মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য রাবি অধ্যাপক ড. হীরা সোবাহান

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবাহানকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. হীরা সোবাহান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষা, গবেষণা, মেধা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে তিনি কাজ করে যাবেন।

ড. হীরা সোবাহান ১৯৭০ সালের ২৪ মে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ সালে বিএফএ এবং ১৯৯৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএফএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ টেলিভিশনে খণ্ডকালীন গ্রাফিক শিল্প নির্দেশক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির অধীনে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কিউরেটর কাম সিনিয়র চারুকলা প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এরপর ২০০৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০১১ সালে তিনি ছাপচিত্র বিষয়ে বাংলাদেশের প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

একজন গুণী শিল্পী ও গবেষক হিসেবে ড. হীরা সোবাহান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ছাপচিত্রকলা’, ‘ছাপাই ছবির করণকৌশল’ এবং ‘চারুকলার কৌশলাদি’। পড়াশোনা ও শিক্ষকতার বাইরেও তিনি দীর্ঘদিন ধরে শিল্পবিষয়ক গবেষণা, সম্পাদনা এবং সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

শুভ্র/