বিকাশের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত ভাতা এখন থেকে সরাসরি বিকাশে দেওয়া হবে। দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে এই ভাতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ লিমিটেড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক এবং স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।
এই চুক্তির ফলে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা কোনো রকম প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা পেয়ে যাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল ও ক্যাশলেস এই চমৎকার উদ্যোগ খেলাধুলার আয়োজনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
শুভ্র/