রবিবার, ২৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় সব কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব হবে: ড. আমানুল্লাহ

নেটওয়ার্ক নিউজ বিডি

র্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। অনলাইন প্রতারণা, তথ্য চুরি বা ভুয়া পরিচয়ের মতো ঝুঁকি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার দারুণ এক উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বাড়াতে দেশের সব অধিভুক্ত কলেজে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

​আজ ২৬ জুলাই রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে লালমাটিয়া কলেজে তিনি সাইবার সিকিউরিটি ক্লাবের কার্যক্রমও উদ্বোধন করেন।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল বিষয় ছিল অনলাইনে কীভাবে নিজেকে সাইবার অপরাধ থেকে নিরাপদ রাখা যায়।

​উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও নানা রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, আর্থিক জালিয়াতি কিংবা তথ্য চুরি ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন তার নাগরিকরা নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে জানেন। বিশেষ করে তরুণদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা এবং তথ্যের নিরাপত্তা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। মূলত সচেতনতার অভাবেই মানুষ সাইবার অপরাধের শিকার হন।

​শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সেমিনার ও কর্মশালার মাধ্যমে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন ড. আমানুল্লাহ। অনলাইনে নিরাপদ থাকতে তিনি শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা, অচেনা লিংক বা মেসেজে সাড়া না দেওয়া এবং অ্যাকাউন্টের সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) ব্যবহার করার কথা বলেন তিনি। একটি সচেতন প্রজন্মই নিরাপদ বাংলাদেশ গড়তে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​সেমিনারে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন। অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।

​পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।

এসএন/