শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করার সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর সঙ্গীত কলেজে আয়োজিত এক শিক্ষক সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ এই ঘোষণা দেন।

উপাচার্য বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়। এর জন্য সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন সমানভাবে জরুরি। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমেই একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা বাস্তবায়নে কাজ করছে বলে জানান তিনি। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ, নেতৃত্ব, সৃজনশীলতা এবং নৈতিকতা উন্নয়নে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদেশগামী কর্মীদের আরবি, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি এর মাধ্যমে রেমিট্যান্স আয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে।

অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন উপাচার্য।

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নওশের ওয়ান। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজন এতে অংশ নেন।