শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা প্রশাসকদের সার্বিক প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি এবং ডিপ্লোমা ইন কমার্স।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো ছাড়া অন্যান্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের শনিবারের পরীক্ষাগুলো স্বাভাবিক নিয়মেই চলবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।