জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে এই সুবিধার আওতায় শিক্ষার্থীদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি প্রদান করতে হবে।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা যাচাই করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে। এই শিক্ষার্থীরা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।
ইতিমধ্যে এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করার জন্য অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফি মওকুফের এই সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
শুভ্র/