রবিবার, ২৮ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবি গ্রন্থাগারে এসি নিয়ে সমালোচনা: চলমান সংস্কারকাজের ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রন্থাগারের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও সমালোচনাকে ‘তথ্যনির্ভর নয়’ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন জানিয়েছে, বিশেষ বরাদ্দের আওতায় বর্তমানে গ্রন্থাগারে এসি স্থাপনসহ ব্যাপক সংস্কারকাজ চলমান রয়েছে।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ আর্থিক বরাদ্দের আওতায় রাবি গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও টাইলস স্থাপন, পানির লাইন প্রতিস্থাপন এবং ওয়াশরুম সংস্কারসহ আনুষঙ্গিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নাধীন রয়েছে। বিশেষ করে গ্রন্থাগারের পাঠকক্ষগুলোতে ১০টি এয়ারকুলার বা এসি চালানোর জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক লোড নিশ্চিত করতে একটি ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন।

উন্নয়নকাজ একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রন্থাগার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ক্রয় ও বাস্তবায়ন কমিটি চলমান উন্নয়ন কার্যক্রম যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাস্তবসম্মত এই বিষয়টি বিবেচনায় নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।