সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কানাইঘাটে প্রথমবারের মতো চালু হচ্ছে ইংলিশ ভার্সন স্কুল

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে কানাইঘাটে এই প্রথম চালু হতে যাচ্ছে ইংলিশ ভার্সন স্কুল। আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কানাইঘাট সেন্ট্রাল হাই স্কুল ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ইংলিশ ভার্সনে পাঠদান কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে।

স্থানীয় শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কানাইঘাটের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই ইংলিশ ভার্সনে পড়াশোনার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা মিডিয়ামে এবং প্রি প্রাইমারি থেকে নার্সারি পর্যন্ত ইংলিশ ভার্সনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে মানসম্মত পাঠদান, শিক্ষার্থীবান্ধব ও মনোরম শিক্ষার পরিবেশ, নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেস্টের ব্যবস্থা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও সহযোগিতা। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কানাইঘাটের মতো একটি উপজেলায় ইংলিশ ভার্সন শিক্ষার সুযোগ তৈরি হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে যেসব অভিভাবক সন্তানদের ইংরেজি মাধ্যমে শিক্ষার পরিবেশ দিতে চান, তাঁদের জন্য এটি হতে পারে একটি ইতিবাচক উদ্যোগ। এতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিও আরও সহজ হবে।

প্রতিষ্ঠানটি কানাইঘাট পৌরসভার আল রিয়াদ পয়েন্ট মাদ্রাসা রোডে অবস্থিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাপদ্ধতির সমন্বয়ে প্রতিষ্ঠানটি কানাইঘাটের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কানাইঘাটে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে কানাইঘাট সেন্ট্রাল হাই স্কুলের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।