শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উৎসবমুখর পরিবেশে তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ছনকান্দা রোডে তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের প্রথম শিক্ষক হলেন বাবা-মা। আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে এবং কখন বাড়ি ফিরে—এসব বিষয়ে খোঁজখবর রাখবেন। আমার অনুরোধ, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না।

তিনি আরও বলেন, মোবাইল অনেক ক্ষতিকর জিনিস। এর অপব্যবহারে ছেলে-মেয়েরা বিপথে চলে যেতে পারে। পাশাপাশি মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের কারণে সন্তানদের হাতে বাবা-মাকে খুন হওয়ার মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

সন্তান ডিসি, এসপি, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হলো কি না, সেটি বড় বিষয় নয়; বরং সন্তান প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠল কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের ইসলামি শিক্ষা কার্যক্রম কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোনো সমস্যা হলে অভিভাবক ও শিক্ষকরা যেন তাঁকে জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জিহাদি।

তিনি বলেন, প্রকৃত জ্ঞানের আলো ছড়িয়ে আগামী প্রজন্মকে আধুনিকতা, প্রযুক্তিনির্ভরতা ও ইসলামি শিক্ষায় সুশিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁরা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও বক্তব্য রাখেন মুফতি জুনাইদ বিন নূরী, প্রভাষক আব্দুর রহমান মাদানি, প্রভাষক এম এম ইউসুফ আলী নূরী, শায়েখ আব্দুল্লাহ, তাহসিনুল আবরার লিছান, আবু বকর ছিদ্দিক প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা এবং পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণের প্রথম পর্ব শেষে কবিতা, গজল, হামদ ও নাত পরিবেশনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।