উপনির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ৫০ বিজিবি, চেকপোস্টে কড়া তল্লাশি

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের মনে আস্থা ফেরাতে নির্বাচনী এলাকায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকায় বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৫০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও চেকপোস্টে কঠোর তল্লাশি অভিযান পরিচালনা করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপনির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার ও ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ইব্রাহিম আলীর নেতৃত্বে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকার বিভিন্ন মোড়ে এবং জনাকীর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি সন্দেহভাজন বিভিন্ন যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির আধুনিক বডি- ওর্ন ক্যমেরা, ড্রোন ক্যামেরার ব্যবহারও নিশ্চিত করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন যেকোনো অপতৎপরতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটির নিশ্চয়তা দিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থীর সমান সুযোগ এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতেও বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।