রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ঢাকায় প্রথমবারের মতো জাতীয় ঘি সম্মেলন অনুষ্ঠিত

Orbit_2026

দেশীয় খাঁটি ঘির প্রচার প্রসার, ভোক্তাদের আস্থা অর্জন এবং উদ্যোক্তাদের মধ্যে ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয়ে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঘি সম্মেলন ২০২৬। শনিবার ২৪ অক্টোবর উত্তরার আব্দুল্লাহপুরে পলওয়েল কনভেনশন সেন্টারের ব্লু মুন হলে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অল ইন ওয়ান মার্কেটের কর্ণধার শাহাদাত হোসেনের আহ্বান ও উপস্থাপনায় আয়োজিত সম্মেলনটি উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা দ্বীন ইসলাম। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন ক্রেস্ট পয়েন্টের কর্ণধার সাইফুল ইসলাম মাহবুব, চায়না বাংলা লজিস্টিকের ম্যানেজিং পার্টনার সোহাগ আল মামুন, কনটেন্ট কিং লিমিটেডের চেয়ারম্যান মো. ইকরামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

​বক্তারা বলেন, ব্যবসায় সফলতা অর্জনের জন্য সততা, প্রতিশ্রুতি রক্ষা, মানসম্মত পণ্য সরবরাহ এবং ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। বড় স্বপ্ন দেখতে হবে, প্রতারণামুক্ত ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভোক্তাদের কাছে প্রকৃত খাঁটি পণ্য পৌঁছে দিতে উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
​চায়না বাংলা লজিস্টিকের ম্যানেজিং পার্টনার সোহাগ আল মামুন সম্মেলনের সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি চীনে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন এবং ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদিকে ফেরদৌস তালুকদার গ্রাফিক ডিজাইনে এবং ইসমাইল হোসেন প্যাকেজিং সংক্রান্ত সমস্যায় উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দেন। খাদ্যপণ্য পরিবহনে নিরাপদ ও উপযোগী প্যাকেজিংয়ের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

​সম্মেলনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা রিদওয়ানুল বারী জিওন, নাহিদ ওয়ার্ল্ডসের কর্ণধার নাহিদ হাসান রুবেল, রিসালাত অর্গানিকের স্বত্বাধিকারী হারুন রশীদ, স্বপ্নপূরণ অর্গানিক বিডির স্বত্বাধিকারী মনির হোসেন এবং সৌখিন ফুডসের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান আনসারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে অতিথি ও উদ্যোক্তাদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন উপহারসামগ্রীর মাধ্যমে সম্মেলনকে আনন্দঘন করে তোলা হয়। পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

​সম্মেলনের মূল প্রত্যয় ছিল সততা ও অঙ্গীকারের মাধ্যমে ব্যবসা পরিচালনা, খাঁটি পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া। আয়োজকেরা এমন উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন, যাতে উদ্যোক্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের ব্যবসার উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। পরিশেষে সবাই সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে জীবন পরিচালনা এবং কিয়ামতের দিন নবী রাসুল ও সিদ্দিকিনদের সান্নিধ্য লাভের তাওফিক কামনা করেন।