বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অসহায় ও বিধবা নারীদের পূজার পোশাক দিল ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’

Orbit_2026

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক দায়বদ্ধতা থেকে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবহেলিত ও বিধবা সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে নতুন পোশাক (শাড়ি ও থ্রি পিস) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রুহিয়ার খড়িবাড়িতে অবস্থিত ডোমিনো স্কুল অব বাংলাদেশ প্রাঙ্গণে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থাটির চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুমিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হলো পরিধেয় বস্ত্র। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসবে নতুন পোশাক দুস্থ ও বিধবা নারীদের মনে এক চিলতে হাসি ও আনন্দের আমেজ ছড়িয়ে দেয়। সামাজিক বৈষম্য দূর করে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ার লক্ষ্যে আগামীর স্বপ্ন মানবিক সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। তাঁদের এই সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর ও রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুরশিদ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছানো অনেক সহজ হয়। নিজেদের স্বাভাবিক কাজের বাইরে এসে তরুণদের এই মানবিক প্রয়াস সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

সমাপনী বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুমিত বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে নয় বরং সম্পূর্ণ মানবিক দায়বদ্ধতা থেকেই তাঁরা কাজ করে যাচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও বস্ত্র বিতরণের মতো নানা সেবামূলক কাজের মাধ্যমে তাঁদের সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও সমাজের কল্যাণে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সদস্য মো. আহসান হাবীব, সমাজসেবা ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন, ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমীন সরকার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ডোমিনো স্কুল অব বাংলাদেশের প্রধান শিক্ষক মো. সুমন আলী এবং বনমালী ডটকমের পরিচালক সন্তোষ কুমার বর্মন।

আলোচনা সভা শেষে অতিথিরা এলাকার পঞ্চাশ জনেরও বেশি অসহায় ও বিধবা সনাতনী নারীর হাতে দুর্গাপূজার প্রীতি উপহার হিসেবে নতুন শাড়ি ও থ্রি পিস তুলে দেন।