সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে নগরকান্দায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ফরিদপুরের নগরকান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬৩টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করাসহ সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ পূজা উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, উপজেলার ৬৩টি পূজামণ্ডপেই সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি পূজামণ্ডপ এলাকায় মাদক সেবন ও অশ্লীল নৃত্য বন্ধ রাখা এবং নামাজের সময় মাইক বন্ধ রাখাসহ শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ইউএনও। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে বিএনপির পাঁচজন করে দলীয় প্রতিনিধি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন, যাতে পূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলী, নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সোহেল রানা, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রনদা প্রসাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি মো. মাহাবুব আলী মিয়া, যুবনেতা তৈয়ব মাসুদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ এবং নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারি সব দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।