বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮৫২ শিক্ষার্থী

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যাণমুখী খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সকালে জেলার বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তির এই দিনে আমাদের প্রার্থনা—আমরা যেন ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সব সময় সত্য বলব, প্রতারণা করব না এবং নিজের স্বার্থের চেয়ে অন্যের বৈধ অধিকারকে প্রাধান্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করব।’

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল) এবং স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ। এ ছাড়া ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পর্ব ‘মেধায় মাতি’ ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।

ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভূঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ অন্য সদস্যরা।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন দেশজুড়ে শিক্ষাবৃত্তির পাশাপাশি আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ঢাকার শ্যামলীবাগ ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর অনুসারী অসচ্ছল তবে কর্মক্ষম ব্যক্তিদের ‘সাদকা-এ জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান।