রুহিয়ায় দেলুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় প্রয়াত দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রুহিয়া প্রগতি সংঘ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
দেলোয়ার হোসেনের বড় ভাই ও ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য সাবেক ফুটবলার আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রগতি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক, ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক শামসুল আলম। এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসেন, আইনজীবী সিরাজুম মুনিব সাইমুম, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল সাদিক মিলন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম শাকিব, প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় সালোয়ার হোসেন, আব্দুল জলিল, নিরঞ্জন ও সাংবাদিক আহসান হাবিব রুবেলসহ স্থানীয় ক্রীড়ামোদী এবং দর্শকেরা উপস্থিত ছিলেন।
প্রগতি সংঘের খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। মাঠে খেলা পরিচালনা করছেন বিপুল দাস ও রমজান আলী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকেরা জানান, দেলোয়ার হোসেন দেলু প্রগতি সংঘের একজন কৃতী ও জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। তাঁর স্মৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।