তৃণমূলে সংগঠন গোছাতে ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভা

ফরিদপুরের ভাঙ্গায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার হামিরদী পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনা এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের তত্ত্বাবধানে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী নার্গিস আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের স্থানীয় নেত্রীরা। তাঁদের মধ্যে ছিলেন ঋতু আক্তার, পারভিন আক্তার, মাকসুদ আক্তার ও ডালিয়া আক্তার। এ ছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার রিপন ও মাওলানা আজাদসহ স্থানীয় বিএনপির নেতারাও সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। কর্মীসভায় হামিরদী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।