বুধবার, ৭ অক্টোবর ২০২৬
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

নান্দাইল উপজেলায় কৃষক শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা কৃষক শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদ এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নান্দাইল উপজেলার চরলক্ষীদিয়া গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে মোজাম্মেল হক স্বপন (৪৬), আপন মিয়া (৪৩) ও রিপন মিয়া ওরফে জিবু (৪০)। তারা ৩ জনই আপন ভাই। তবে দণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া ওরফে জিবু পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাণ্ডপ্রাপ্তরা হলেন, মৃত ঈসমাইলের ছেলে আবু বকর সিদ্দিক (৭৫), আবু বকর সিদ্দিকের ছেলে কাঞ্চন মিয়া (৩৭), নজরুল ইসলামের ছেলে রুবেল (৩০), মৃত মজিবরের ছেলে পারভেজ (৩৫), মৃত মজিদের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫), কাশিদ (৫৮), মোফাজ্জল হোসেনের ছেলেন আল-আমিন (৩০), আ. কাশিদের ছেলে সুমন মিয়া (৩৫) ও নয়ন মিয়া (৩০) এবং খোকন মিয়ার ছেলে আসাদুল (৩০)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে আসামি আসাদুল পলাতক রয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাড. আনোয়ারুল আজিজ টুটুল বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মামলার নথি ও আদালতের বরাত দিয়ে জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চরভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়।