বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চোরের লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধার

Orbit_2026

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে গভীর রাতে পানির পাম্প চুরির ঘটনা দেখে ফেলায় চোরের লাঠির আঘাতে বিন্দুমতি (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মৃত অনিল সরকারের ছোট ছেলে রঞ্জন সরকারের বাসায় পানির পাম্প চুরি করতে ঢোকে দুর্বৃত্তরা। ওই সময় বৃদ্ধা বিন্দুমতি শৌচাগারে যাওয়ার পথে চোরদের দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে নিজেদের পরিচয় ঢাকতে চোরেরা বৃদ্ধার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ওই দিন রাত ১২টার দিকে স্থানীয় বাজার থেকে দোকান বন্ধ করে ঘরে ফেরেন রঞ্জন সরকার। পরে তার স্ত্রী পানি আনতে গেলে শৌচাগারের গলিতে শাশুড়িকে নিথর ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা কাছে গিয়ে মাথায় রক্ত জমাট বাঁধা দেখে বুঝতে পারেন তিনি আর বেঁচে নেই। যাওয়ার সময় চোরেরা নিহতের তিন ছেলে গোলাপ সরকার, মিলার সরকার ও রঞ্জন সরকারের ব্যবহারের পানির পাম্পটি নিয়ে সটকে পড়ে।

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, চোরের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।