ঠাকুরগাঁওয়ে জেলা সাধারণ ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেলা সাধারণ ওষুধ ব্যবসায়ী সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাব কনফারেন্স হলরুমে বিসিডিএ ও সাধারণ ওষুধ ব্যবসায়ীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএ) ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মির্জা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সাল আমিন বলেন, “ওষুধ ব্যবসায়ীদের এই সংগঠনটি একটি গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন। সংগঠনের ভেতরের যেকোনো সংকট নিরসনে উভয় পক্ষকেই নিরপেক্ষভাবে দেখার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্ধারণ করবেন।” আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে ঠাকুরগাঁও-১ আসনের এই প্রার্থী আরও বলেন, “সাবেক রাষ্ট্রপতির অসমাপ্ত উন্নয়ন কাজকে এগিয়ে নিতে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি। নির্বাচনের পর সংগঠনের সমস্যাগুলোর টেকসই সমাধান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পয়গম আলী এবং বিসিডিএ কেন্দ্রীয় কমিটির পরিচালক (প্রশাসন) হাকিম মো. মোস্তাফিজুর রহমান সবুজ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ এ কে এম হামিদুর রহমান ও আমিরুল ইসলাম।
এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. ফারুক হোসেন এবং পাটিয়াডাংগী বাজার কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন।
আলোচনা সভায় বক্তারা ওষুধ ব্যবসার সঠিক গুণগত মান ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করে বিসিডিএ-কে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।