জয়দেবপুরে কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার কাচ্চি ডাইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদ টেম্পারিং করে কনডেন্সড মিল্ক ব্যবহার, লেবেলবিহীন মাংস সংরক্ষণ এবং প্রয়োজনীয় সনদ প্রদর্শনে ব্যর্থতার দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) পরিচালিত মোবাইল কোর্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএফএসএ উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে কাচ্চি ডাইনে আজ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখা যায়। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতিও পরিলক্ষিত হয়। এ ছাড়া মেয়াদ টেম্পারিং করে কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহার এবং রেফ্রিজারেটরে কোনো ধরনের লেবেল সংযোজন না করে মাংস সংরক্ষণ করতে দেখা যায়।
এ সময় ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং সংশ্লিষ্ট অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।