ঠাকুরগাঁওয়ে পুলিশ ও র্যাবের যৌথ অভিযান: মাদক-মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত পরিচালনা করা এ অভিযানে উদ্ধার করা হয় ৯০ বোতল নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ, ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় রুহিয়া থানা পুলিশ ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালায়। এ সময় ১০ পিস টাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রুহিয়া থানার রাজারামপুর গ্রামের মানিক সরকার (৩৫), মোলানখুড়ি গ্রামের মলিন রায় (২৬) এবং খড়িবাড়ী গুচ্ছগ্রামের সুব্রত রায় (২৪)।
অন্যদিকে, সিপিসি-১ (দিনাজপুর)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেফতার করে রুহিয়া থানায় সোপর্দ করে।
তারা হলেন— ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের মোঃ মাসুদ রানা (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাকে মাদকমুক্ত করা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।