সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হাজি সাত্তার ফাউন্ডেশন

সিরাজগঞ্জ জেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত চারশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাজি সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজি সাত্তার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. সায়াদুজ্জামান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান, হাজি কোরপ আলী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোকতেল হোসেন এবং বনোয়ারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মো. আব্দুল্যাহ আল মামুন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনোয়ারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক এবং ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী সাজা।
ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।