ত্রিশালে বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত

ময়মনসিংহ জেলার ত্রিশালে বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকালে জেলার ত্রিশাল উপজেলার বৈলর কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন সিএনজিচালক, ২ জন মাহেন্দ্রচালক, ৪ জন সিএনজিযাত্রী এবং ২ জন মাহেন্দ্র যাত্রী রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউনাইটেড পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ঘটনাস্থলে এসে পেছন দিক থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২টি মাহেন্দ্র গাড়ি এবং একটি সিএনজিকে ধাক্কা দেয়।
এ সময় বাসটি পার্শ¦বর্তী আইডিয়াল হাই স্কুলের বাউন্ডারির দেয়াল ভেঙে কাত হয়ে পড়ে যায়। এতে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।