শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

করিমগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ১

নেটওয়ার্ক নিউজ বিডি

কালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মো. হেলিম (৩২)। সঙ্গে ছিলেন আরও কয়েকজন শ্রমিক। ধনিয়াপাতা সংগ্রহের সময় হঠাৎ আকাশ কালো করে নামে বজ্রপাত। মুহূর্তেই প্রাণ হারান হেলিম। এ ঘটনায় আহত হয়েছেন খোকন মিয়া (৪০) নামে আরও এক শ্রমিক।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলিম ওই ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। হেলিমের চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিনটি সন্তান রয়েছে।

আহত খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে পাশের নামাপাড়া গ্রামে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান হেলিম। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন হেলিম। বিকট শব্দে পাশেই থাকা খোকন মিয়া অজ্ঞান হয়ে পড়ে যান।

পরে সঙ্গে থাকা শ্রমিক ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়ার চিকিৎসা চলছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে হেলিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএন/