শনিবার, ২২ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কিশোরগঞ্জে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ নিহত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জেলার পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান (৬০) নামে এক পান দোকানদার নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার বাহাদিয়া পাঁচ পীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নুরুজ্জামান বাহাদিয়া আকন্দ বাড়ির আবদুল কদ্দুছের ছেলে। বাহাদিয়া বাজারে তার একটি পানের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাহাদিয়ার পাঁচ পীরের মাজারসংলগ্ন এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। বাড়ির কাছেই দুর্ঘটনার খবর পেয়ে তা দেখতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন নুরুজ্জামান। এ সময় ঢাকা-কিশোরগঞ্জ সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নুরুজ্জামানের মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারের চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।