বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে স্কাউটসের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা এই সুন্দর প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়।

​ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় জেলা স্কাউট ভবন থেকে এই অভিযান শুরু হয়। এরপর এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অভিযানে বাংলাদেশ স্কাউটসের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক অপসারণ করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করেন।

​পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান। এ সময় তিনি বলেন স্কাউটরা দেশের যেকোনো প্রয়োজনে সবসময় প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয় বরং এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

​জেলা প্রশাসক আরও বলেন আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার রাখি ঠিক সেভাবেই দেশকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার রাখতে হবে। পলিথিনকে পরিবেশের বড় শত্রু আখ্যা দিয়ে একটি পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে তিনি সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ডিএ/