ফুলবাড়ীয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য খাতের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আয়োজনের শেষ অংশে সফল মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য মুঃ কামরুল হাসান। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এই আয়োজনে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছের অভয়াশ্রম রক্ষায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর জোরালো আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টিতে বর্তমানে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।
শুভ্র/