বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নাগরিক আচরণের পরিবর্তন ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়: ময়মনসিংহের বিভাগীয় কমিশনার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

নাগরিক আচরণের পরিবর্তন না এলে কেবল সভা-সেমিনার করে পরিবেশ রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, জলাবদ্ধতার জন্য শুধু প্রশাসনকে দায়ী না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। ফুটপাত দখল ও যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ না হলে এই সমস্যার সমাধান করা কঠিন।

​বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজন ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সড়কে শব্দদূষণ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, মানুষ যদি ফুটপাত ব্যবহার করতে পারে এবং সড়ক দখলমুক্ত থাকে, তবে স্বাভাবিকভাবেই হর্নের ব্যবহার কমে আসবে। পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে আমাদের এগোতে হবে।

​জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর ওপর জোর দিয়ে তিনি জানান, সরকার দেশে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহ্‌মদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ।

​স্বাগত বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শেখ মো. নাজমুল হুদা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুভ্র/