কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারকে ময়মনসিংহ প্রশাসনের সহায়তা

বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে নিহত শিশুর মা ফজিলা খাতুনের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেওয়া হয়।
গণমাধ্যমে শিশুটির মৃত্যুর খবর নজরে আসার পর জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশনায় এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবিবা মীরা। এছাড়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা এবং দুই বান্ডেল ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
নিহত ফাতেমা ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর খরিচা গ্রামের মমরুজ আলীর মেয়ে। মানসিকভাবে ভারসাম্যহীন মা ফজিলা খাতুন বছর তিনেক আগে ছোট্ট ফাতেমাকে নিয়ে বাগেরহাটের ওই মাজার এলাকায় চলে যান। সেখানেই মাজার চত্বরে তারা থাকতেন। গত ১ জুন রাতে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে প্রাণ হারায় ফাতেমা। পরে মাজার প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়।
পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট ফাতেমাকে হারিয়ে শোকাহত পরিবারটি প্রশাসনের এই সহায়তায় কিছুটা স্বস্তি পেয়েছে। অসহায় পরিবারটির খোঁজ নিয়ে দ্রুত তাদের পাশে দাঁড়ানোয় জেলা ও উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় চর খরিচা ও আশপাশের গ্রামের মানুষ।
শুভ্র/