বুধবার, ১০ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে দরিদ্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সামাজিক কল্যাণমূলক সংগঠন ‘ময়মনসিংহ ফোরাম’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। ‘মৌসুমি ফলের মিষ্টি সুবাস আর পুষ্টি পৌঁছে যাক সবার দ্বারে’- এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সুবিধাবঞ্চিতদের নিয়ে এই কর্মসূচি পালিত হয়।

গতকাল মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, গ্রীষ্ম মৌসুমে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণ করা প্রতিটি প্যাকেটে আম, লিচ, আনারসসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন মৌসুমি ফল অন্তর্ভুক্ত ছিল। ফল বিতরণ কর্মসূচিতে ময়মনসিংহ ফোরামের সভাপতি এহসান হাবীব, সহ সভাপতি এড. আহসান উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, দপ্তর সম্পাদক মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ্, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজ কল্যাণ সম্পাদক শরীফা সুলতানা, শিক্ষা ও  সাংস্কৃতিক সম্পাদক সুমন হাসান, পরিবেশ ও নগর বিষয়ক সম্পাদক মোস্তফা তারেক, নির্বাহী সদস্য ফেরদৌসুল মনিরা লাবনী, আবু বক্কর সিদ্দিক রুমেলসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির শেষে সমাজের সামর্থ্যবান ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে ময়মনসিংহ ফোরাম।