বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় দেশের বৃহত্তম কুরবানীর মাঠে পশু কুরবানী করেছেন মুসল্লীরা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

দেশের বৃহত্তম পশু কুরবানীর মাঠ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বৈলাজানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ত্যাগের মহিমায় কুরবানী করেছেন মুসল্লীরা।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আযহার নামাজ শেষে পশু কুরবানী করেন তারা।

মাঠ কর্তৃপক্ষের তথ্য মতে, এবারের কুরবানীতে ৮১টি গরু ও ১১৭টি খাসি কুরবানী করা হয়েছে। গ্রামবাসীর করা এসব কুরবানী পশুর মাংসের এবার সামাজিক বন্টন হয়েছে ১ হাজার ৬ শত ৬০টি।

এর আগে সকাল থেকেই এলাকাবাসী কুরবানীর পশু নিয়ে নির্ধারিত মাঠে উপস্থিত হয়। এরপর একে একে জবাই করা হয় পশুগুলো। তারপর মাংস তৈরির কাজে ব্যস্ত থাকেন গ্রামবাসী। দিনব্যাপী চলে মাংস প্রস্তুতির কাজ। দেশের অন্যতম বৃহৎ এই কুরবানীর মাঠে কুরবানী চলাকালীন সময়ে বিরাজ করে আনন্দ ঘন পরিবেশ।

বৈলাজান কুরবানী মাঠ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইব্রাহীম খলিল বলেন, ঐতিহ্যগত ভাবে বৈলাজান এ মাঠটি বৃহৎ কুরবানীর মাঠ। এলাকাবাসী একত্রে কুরবানী দেওয়ায় এদিন ঈদ আনন্দ আরেক ধাপ বৃদ্ধি পায়।

পরে কুরবানীকৃত পশু গুলোর মাংস সামাজিক সদস্যদের প্রদান করার জন্য বন্টন গুলো বিতরণ করা হয়। দুই ধাপে করা বিতরণে খাসির মাংস এবং পরে গরুর মাংস প্রদান করে মাঠ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান কুরবানীর মাঠটি ৭টি মসজিদ ভিত্তিক সমাজ নিয়ে গঠিত। স্থানীয়দের ধারণা প্রায় ৩ শত বছর ধরে এখানে কুরবানী দিয়ে আসছেন মুসল্লীরা।