রবিবার, ১৭ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে ভূমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিন সারাদেশে একযোগে এই ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।

ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় প্রতি বছর দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

ফারাহ্ শাম্মী জানান, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সব কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণার উদ্দেশ্যে আগামী ১৯ থেকে ২১ মে তিন দিন ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ মেলায় ময়মনসিংহ বিভাগের আওতাধীন চারটি জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অথবা দৃশ্যমান স্থানে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য স্টল স্থাপন করা হবে। সংশ্লিষ্ট স্টল থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হবে।

মেলায় অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে।  অনলাইনে প্রাপ্ত মৌজা ম্যাপের আবেদন ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা হবে। এ বিষয়ে ব্যাপক প্রচার, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং রেকর্ড হস্তান্তরসহ সব সেবা জনগণকে প্রদান করা হবে। সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে।

ভূমিসেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত ভূমিসেবা সংক্রান্ত ডকুমেন্টারি প্রচার করা হবে।

এছাড়াও হট লাইন নাম্বার (১৬১২২)-এ ফোন করে ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, ভূমিসেবা সম্পর্কে অভিযোগ দাখিল এবং ভূমিসেবা সংক্রান্ত যে কোন বিষয় জানা যাবে। এছাড়া যে কোন স্থান থেকে ভূমি পোর্টালে www.land.gov.bd রেজিস্ট্রেশন করে ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৩৫টি, নেত্রকোণা জেলায় ১০টি, জামালপুর জেলায় ৭টি, শেরপুর জেলায় ১৮টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার ফলে নির্ধারিত ফি প্রদান করে বিভিন্ন অনলাইন সেবা যেমন: নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ বা নকশার আবেদন, অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি ও সায়রাতমহাল লিজ ইত্যাদি গ্রহণ করা যাচ্ছে। এছাড়া সেবা সম্পর্কিত বিষয় জনসাধারণের অবগতির জন্য ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি সড়ক, মহাসড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পার্কসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে প্রচার করা হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত ও বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রাসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।