মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শেরপুরে বৈশাখী শোভাযাত্রা শেষে লোকজ মেলার উদ্বোধন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসব-অনুভূতির অন্যতম উজ্জ্বল বহিঃপ্রকাশ বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শেরপুর কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ডিসি উদ্যানে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, নান্দনিক পোষাক, হাতপাখা, একতারা ও রঙিন ব্যানার-ফ্যাস্টুনের মনোমুগ্ধকর সমাহার উৎসবের আবহকে করে তোলে আরও প্রাণবন্ত ও বর্ণিল। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ, যাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বৈশাখী আনন্দকে দিয়েছে এক অনন্য মাত্রা।

শোভাযাত্রা শেষে ডিসি উদ্যানে ফিতা কেটে তিন দিনব্যাপী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশীদ, পৌর প্রশাসক মিস্ আরিফা সিদ্দিকাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন পরবর্তী সময়ে জেলা প্রশাসক আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসংগঠিত এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শেরপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।