মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

যবিপ্রবিতে এফএমবি বিভাগের ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত

Orbit_2026

শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন শেষ হয় ১০ নভেম্বর ২০২৬ তারিখে। বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া সপ্তাহের সার্বিক ব্যবস্থাপনা ও খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিল ফিশারীজ ক্লাব।

গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক। বিভাগের চেয়ারম্যান ও ফিশারীজ ক্লাবের সভাপতি প্রফেসর ড. আমিনুর রহমানের অনুপস্থিতিতে তিনি এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এ আয়োজনে ছেলেদের জন্য ফুটবল, ব্যাডমিন্টন, কার্ড ও ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। অন্যদিকে, মেয়েদের জন্য ছিল লুডু, পিলো পাসিং, ব্যাডমিন্টন ও চামচ দৌড় প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টাইফুন একাদশ। এফএমবি-২০ ও এফএমবি-২১ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলটি ফাইনালে এফএমবি-২৫ ব্যাচকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে খেলাধুলার আয়োজন সম্পন্ন হয়েছে। খেলতে গিয়ে কেউ কেউ সামান্য আঘাত পেয়েছে। তাদের সুস্থ হয়ে আবার পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বিজয়ী ও রানার্সআপ উভয় দলকেই অভিনন্দন জানান।

এ সময় ফিশারীজ ক্লাবের উদ্দেশে বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আনিসুর রহমান বলেন, টুর্নামেন্ট থেকে সেরা ১৫ জন খেলোয়াড় বাছাই করে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোতে এফএমবি বিভাগ আরও ভালো ফলাফল করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগের শিক্ষক প্রফেসর ড. মীর মোশাররফ হোসেন বলেন, নিজ বিভাগের মধ্যে এ ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক আরও সুন্দর ও দৃঢ় হয়।

অন্যদিকে, বিভাগের শিক্ষক প্রফেসর ড. সুব্রত মণ্ডল শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অনেক শিক্ষার্থী আলাদাভাবে শরীরচর্চা করার সুযোগ পায় না। তাই খেলাধুলা তাদের শরীরচর্চার একটি ভালো মাধ্যম হতে পারে।

ফিশারীজ ক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান বলেন, বিভাগে প্রতিবছরই জমজমাটভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ বছরও শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণে টুর্নামেন্টটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। আগস্টে ক্লাবের নির্বাচন-পরবর্তী অন্যতম বড় আয়োজন হিসেবে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। শিক্ষকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সফল হয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজনের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।