পাখির নিরাপদ আবাস নিশ্চিতে জাবি প্রশাসনের নতুন বিধিনিষেধ

শীতের আগমনের সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিযায়ী বা শীতের পাখিরা আসতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয় এসব পাখির অবাধ বিচরণক্ষেত্র। জলাশয়গুলো ইতিমধ্যে পাখিদের বাসযোগ্য করে গড়ে তোলা হয়েছে। ক্যাম্পাসে পাখির অভয়ারণ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাখিদের বিরক্ত না করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
২৫ অক্টোবর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। নির্দেশনায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং না করা, জলাশয়ে মাছ না ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া এবং যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে প্লাস্টিকের বোতল ও পলিথিন না ফেলার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে মানুষের ভালোবাসা ও মমত্ববোধই পারে পাখিদের নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করতে। এ লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছে কর্তৃপক্ষ।