স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় রাবি শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ ও খাদ্যতথ্য বুঝে খাবার গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিমিত পানি পান, খেলাধুলা ও ব্যায়াম, বয়ঃসন্ধিকালের পরিবর্তন, মানসিক স্বাস্থ্য এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য মো. সাব্বির হোসেন সিয়াম, সামছুন্নাহার সুইটি, দিলারা মাহমুদা যূথী, রিফা তাসনিয়া, তাসমিয়া তাবাসসুম লিসা ও জাকিয়া সুলতানা।
সচেতনতামূলক আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী তিনজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে গাছ উপহার দেওয়া হয়। বিদ্যালয়ের শ্রেণিশিক্ষকেরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিরাপদ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।