সোমবার, ১২ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চবিতে চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বিশ্ব ডাক দিবস ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’ শুরু হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপডাকঘর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলমান ডাক সেবা সপ্তাহের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন এবং কার্যক্রমের সূচনা করেন পূর্বাঞ্চল সার্কেলের (চট্টগ্রাম) পোস্টমাস্টার জেনারেল শেখ সাইফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাকঘরের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় চিঠি লেখা, পত্রমিতালি করা এবং ডাকটিকিট সংগ্রহের প্রতি বিশেষ আগ্রহ ছিল। প্রযুক্তির বিকাশে চিঠির জায়গা এখন অনেকটাই ইমেইল ও খুদে বার্তা দখল করেছে। তবে চিঠির মাধ্যমে অনুভূতি প্রকাশের যে গভীরতা, আন্তরিকতা ও আবেগ ছিল, তা সহজে অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না।

আধুনিক যোগাযোগব্যবস্থার যুগেও ডাক বিভাগের গুরুত্ব কমে যায়নি উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ডাক বিভাগের ওপর নির্ভরশীল। ডাক বিভাগের পার্সেল সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ সেবার সুবিধা, নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে আরও ব্যাপক প্রচার চালানো হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন দাপ্তরিক চিঠিপত্র, নথি ও পার্সেল আদান প্রদানে ডাক বিভাগের অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে। সময়ের পরিবর্তনে ডাক বিভাগের গুরুত্ব কমে যায়নি, বরং নতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এর সেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তা সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং ডাক বিভাগ পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুল্লাহ। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাব পোস্টমাস্টার মো. নুর উদ্দিনসহ ডাক বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।