গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ, দায়িত্ব হস্তান্তর, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২২ নম্বর কক্ষে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।
লেখক ফোরামের শিক্ষার্থী উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. ইমন হোসেনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের গোবিপ্রবি শাখার সভাপতি নাঈমা সুলতানা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান, প্রক্টর ও এএসভিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মো. মাহবুব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মইনুল ইসলাম শাওন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আকাশ দাশ এবং পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ বিন কাইজার।
আয়োজনে নবীন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও সদস্যদের শপথ পড়ানো হয়। এ ছাড়া ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ বা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তিন কৃতী শিক্ষার্থীকে বিশেষ উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের বস্তুনিষ্ঠ ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
শুভ্র/